২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মামলা ও সাজা দিয়ে আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মামলা ও সাজা দিয়ে আন্দোলন থেকে বিএনপিকে সরানো যাবে না। শনিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ডের নিখোঁজ কাউন্সিলর চৌধুরী আলমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। চৌধুরী আলমের অনুসন্ধান দেওয়ার দাবিতে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার মামলা, হত্যা ও গুম করে আন্দোলনকে দাবিয়ে রাখতে চায়। তারা দেশকে নরক ও হত্যাপুরীতে পরিণত করেছে। এখন মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি নেই। আরাফাত রহমান কোকোর সাজা প্রসঙ্গে তিনি বলেন, সরকার জিয়া পরিবারের ওপর হাত দিয়েছে। দেশনেত্রীকে তার বৈধ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে অন্যায়ভাবে। তার ছোট ছেলে কোকোকে মিথ্যা ও সাজানো মামলায় দণ্ড দিয়েছে সরকার। বড় ছেলে তারেক রহমানকে নতুন নতুন মামলায় জড়ানোর চক্রান্ত চলছে। এভাবে মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না। সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা নিখোঁজ কাউন্সিলর চৌধুরী আলমের ব্যাপারে সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তারা জনগনের নিরাপত্তা দিতে পারছে না। একজন নির্বাচিত কমিশনার নিখোঁজ হয়েছেন এক বছর হয়ে গেলো। সরকার তার কোনো সন্ধান দিতে পারেনি। এটা তাদের চরম ব্যর্থতা। অবশ্যই এজন্য সরকারকে জনগনের কাছে জবাবদিহি করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, , মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ওয়ার্ড কমিশনার আবদুল আলীম নকি বক্তব্য রাখেন। স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসময় উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২১২১ ঘ.