ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আমিনবাজারে ভাগ্নের নির্বাচনী প্রচার মিছিলে ক্ষমতাসীন দলের সাংসদ ইলিয়াস মোল্লা অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে ইলিয়াস বলেছেন, মিছিলটি হঠাৎ তার সামনে পড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার দুপুরের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমেদের পক্ষে মিছিলে অংশ নেন মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। মিছিলটি হিজলা থেকে শলিপুর হয়ে বেগুনবাড়ি এসে শেষ হয়। এ সময় তার পাশে ঢাকা মহানগর পুলিশের কয়েকজন সদস্যকে দেখা গেছে।
এ ব্যাপারে ইলিয়াস মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রকিব তার ভাগ্নে। ভাগ্নের নির্বাচনী এলাকা তিনি দেখতে গিয়েছিলেন।
"আমি মিছিলে ছিলাম না। হঠাৎ করে মিছিলের সামনে পড়ে যাওয়ায় অনেকে মনে করেছেন আমি মিছিলে ছিলাম।"
ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলে সংসদ সদস্যের অংশ নেওয়ার এ ঘটনায় আমিনবাজারে উত্তেজনা ছড়িয়েছে।
একই এলাকার অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা নির্বাচন আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমরা আলোচনা করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৪৭ ঘ.
bdnews24