ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দীগ্রাম ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে শনিবার তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া: নন্দীগ্রামের মথুরাপুরের একটি ডোবায় হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত দুই যুবকের লাশ পাওয়া যায়। বিকালে পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, দুর্বৃত্তরা শুক্রবার রাতে কোনো এক সময় ওই দুই যুবককে হত্যার করেছে বলে ধারণা করা হচ্ছে।
দু'জনেরই পরনে ছিলো কালো ফুল প্যান্ট ও সাদা হাফ শার্ট। পুলিশের ধারণা, উভয়ের বয়স ৩৩/৩৪ হতে পারে।
গাইবান্ধা: ফুলছড়ি উপজেলার উদাখালি মহিলা কলেজের পিছন থেকে দুপুরে আব্দুল জলিল ওরফে ছকু মিয়া (৬০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
জলিল সদর উপজেলার রামনাথের ভিটে গ্রামের বাসিন্দা।
ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাদিয়াখালী বাজারে জলিলের মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দোকানে ঘুমাতে যান। শনিবার সকালে স্বজনরা তাকে দোকানে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
পরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।
ওসি জানান, লাশের দুই পা বাঁধা ও গলায় কাপড় পেঁচানো ছিলো। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কেউ জলিলকে হত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24