পাবনা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় বখাটের উৎপাতে আত্মহত্যার চেষ্টাকারী শামীমা আক্তার লাকী (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী অবশেষে মৃত্যুকেই বরণ করে নিয়েছে।
সে আতাইকুলা উপজেলার কাছারপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো সে। শারদিয়ার গ্রামের আব্দুল গফুর তার বাবা।
হতভাগ্য এই পিতা মেয়েকে বাঁচানোর জন্য ১২দিন চেষ্টা করে হেরে গেলেন। মেয়ে হারিয়ে তার পরিবারে নেমে এসেছে পাহাড় সমান শোক।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শারদিয়ার গ্রামের সোবাহান মোল্লার বখাটে ছেলে মমিন মোল্লা (২০) দীর্ঘদিন ধরে লাকীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্যক্ত করতো।
গত ১৩ জুন বিকাল সাড়ে ৩টার দিকে লাকী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মমিন তার পথরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয়। লাকী সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে মমিন প্রকাশ্যে তার গায়ের ওরনা টেনে তাকে লাঞ্ছিত করে।
এ ঘটনায় লজ্জায় ও অপমানে লাকী বাড়ি ফিরে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরিবারের লোকজন ফাঁস দেওয়া দেখে ফেলে দ্রুত তাকে উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু অবস্থার তেমন উন্নতি না হওয়ায় ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার বিকালে তাকে বাড়ি আনা হয়। রাতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাকীর মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ঘটনায় লাকীর পিতা বাদী হয়ে মমিন মোল্লা ও তার বাবা সোবাহান মোল্লাকে আসামি করে আতাইকুলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর থেকে আসামিরা পালাতক রয়েছে। তাদেরকে গ্রপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৭ ঘ.
bdnews24