২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ফেরা কর্মসূচির ঋণ বিতরণ শুরু

কৃষি ব্যাংকের 'ঘরে ফেরা কর্মসূচি'র ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ ও নিজেদের প্রচেষ্টায় ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করার জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ব্যাংকের 'ঘরে ফেরা কর্মসূচি'র ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ ও নিজেদের প্রচেষ্টায় ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করার জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার বাংলাদেশ কৃষি ব্যাংকের 'ঘরে ফেরা কর্মসূচি'র দ্বিতীয় পর্যায়ের ঋণের অর্থের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। মতিয়া বলেন, "সরকার বস্তিবাসীদের পুনর্বাসন ও আত্ম-কর্মসংস্থানের জন্য ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে দেওয়া ঋণ সহায়তার অর্থ সময়মতো পরিশোধ করতে হবে।" ওসমানী স্মৃতি মিলনায়তনে ২২টি জেলার ৩১১টি পরিবারের ৬২২ জন সুবিধাভোগীর মধ্যে ১ কোটি ১৩ লাখ ১৩ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন মন্ত্রী। এসব পরিবার সহজ শর্তে (পাঁচ শতাংশ সার্ভিস চার্জে) ২০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ঋণ পান। বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত মধ্যআয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন কৃষিমন্ত্রী। বস্তিতে বসবাসকারী নারীদের নানা সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বস্তিতে সবচেয়ে বেশি সমস্যায় থাকে নারীরা। এজন্য সব মায়ের উচিত নিজের মেয়ে সন্তানদের বস্তির সমস্যা থেকে দূরে রাখা। এজন্য এ কর্মসূচির সুফল তাদের নিতে হবে। ঋণের অর্থ পরিশোধে স্বামীদের বাধ্য করতে হবে, যেন এ ঋণের অর্থ নিয়ে অন্য পরিবারও স্বাবলম্বী হতে পারে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া এ কর্মসূচি চারদলীয় জোট সরকার বন্ধ করে দেয়। পুনর্বাসিত পরিবারগুলো এ অর্থে গৃহ নির্মাণ, মুদির দোকান, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, রিকশা, ভ্যানগাড়ি ও টেম্পো কেনা, হাঁস-মুরগি, গরু-ছাগল কেনা ও পালন, মাছ ও শাক-সব্জির চাষ ও সেলাই মেশিন কেনাসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। এজন্য এসব পরিবারকে প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হবে বলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখতার হোসেন অনুষ্ঠানে জানান। সভাপতির বক্তব্যে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, চারদলীয় জোট সরকার এ কর্মসূচি বন্ধ করে দেওয়ায় দীর্ঘদিন ধরে বস্তিবাসীদের আর নিজ এলাকায় পুনর্বাসন করা সম্ভব হয়নি। এ সরকারের সময় এর আওতায় দ্বিতীয়বারের মতো ঋণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় পুনর্বাসিতদের মধ্যে ৪৫ শতাংশ আবারো শহরে ফিরে এসেছে। কিন্তু ২০১০ সালের পুনর্বাসিতদের মধ্যে কেউ এখনো ফিরে আসেনি। তাদের সমস্যাগুলো ব্যাংকের পক্ষ থেকে তদারকি করা হলে এরা কেউ আর শহরে ফিরবে না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, কৃষি ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া, ঋণ সুবিধাভোগী জামালপুরের সোনা মিয়া ও শেরপুরের সুলতান মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫০০ ঘ.