২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

গাইবান্ধা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন ঠান্ডুর সমর্থকরা সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে হামলা করে এবং ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এদিকে পক্ষপাতের অভিযোগ ওঠায় একই উপজেলার কোচারশহর ইউনিয়নের চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা এটিএম হারুনুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। গোবিন্দগঞ্জে ১৭টি ইউনিয়নের মধ্যে শনিবার নয়টি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। বাকি ইউপির ভোটগ্রহণ হবে ২৮ জুন। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২৪১ ঘ.