২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানা হত্যাচেষ্টা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক রুমানা মনজুর হত্যাচেষ্টা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরসহ সাত দফা জানিয়েছে 'রুমানার জন্য ন্যায় বিচার মঞ্চ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 07:11 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক রুমানা মনজুর হত্যাচেষ্টা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরসহ সাত দফা জানিয়েছে 'রুমানার জন্য ন্যায় বিচার মঞ্চ'। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংহতি সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- অপরাধী হাসান সাইদকে সহায়তা ও আশ্রয়দানকারীদের বিচারের আওতায় আনা, রুমানার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। সংহতি সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক, রাজনৈতিক এবং নারী নির্যাতন বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভাগ্যে যদি এধরনের ঘটনা ঘটে তাহলে সমাজের অন্য সাধারণ অসহায় নারীরা কীভাবে এর থেকে রেহাই পাবে? রুমানার ওপর নির্যাতনকারী স্বামী সাইদ হাসানের দ্রুত বিচারের দাবি করেন তিনি। সমাবেশে রুমানার বাবা মনজুর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "বন্য পশুর মতো সাইদ আমার মেয়ের দু'চোখ উপড়ে ফেলতে চেয়েছে। তার নাক কামড়ে নিয়েছে।" তিনি রুমানা যাতে দৃষ্টিশক্তি ফিরে তার জন্য দোয়া করতে সবার প্রতি আবেদন এবং সাইদের বিচার দাবি করেন। এদিকে রুমানা মনজুর হত্যাচেষ্টার মামলায় হাসান সাইদকে শুক্রবার আরো এক দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে তাকে এ মামলায় তিন দফায় তাকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৫ জুন ধানম-ির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। ভারতের দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে ঢাকায় ফেরেন তিনি। তার দুটি চোখই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে হত্যার চেষ্টার অভিযোগে ৬ জুন হাসান সাইদের বিরুদ্ধে একটি মামলা করেন রুমানার বাবা মনজুর হোসেন। গোয়েন্দা পুলিশ ১৫ জুন হাসান সাইদকে গ্রেপ্তার করে। রুমানা বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৬ ঘ.