মাদারীপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি ও সদর উপজেলায় শুক্রবার দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরমধ্যে কালকিনি পৌর এলাকার কিশোর শাকিল হোসেন (১২) আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানিয়েছে।
অপরদিকে সদর উপজেলার ঘুনসী গ্রামে যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ ফাতেমা বেগমকে (২৫) হত্যা করেছে বলে অভিযোগ করে নিহতের পরিবার।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) আশফাকুজ্জামান বলেন, পৌর এলাকার গুচ্ছ গ্রামের শাহ আলমের ছেলে শাকিল বৃহস্পতিবার রাতে বাবা-মা'র সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে অভিমান করে বাড়ির পাশে একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কালকিনি থানার ওসি মো. এ কে এম শাহিন ম-ল জানান, পুলিশ শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে সদর উপজেলার ঘুনসী গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফাতেমা বেগমের লাশ উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।
নিহতের চাচা বজলু ফকির সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যৌতুক না পেয়ে ফাতেমা নামের ওই গৃহবধূকে তার স্বামী সেন্টু খান ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
সদর থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, শ্বশুর বাড়িতে ঘরের ভেতর খাটে শোয়া অবস্থায় ফাতেমার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে ফাতেমা আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24