ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির সেমুতাং গ্যাস ফিল্ডের পাঁচ নম্বর কূপে গ্যাস পেয়েছে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্স।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমাদ ফারুকী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ওই কূপ থেকে গ্যাস উঠতে শুরু করেছে।
পাঁচ নম্বর কূপ থেকে প্রায় ১৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া সম্ভব জানিয়ে তিনি বলেন, "গত এপ্রিলের শেষ দিক থেকে আমরা এই কূপের উন্নয়নে কাজ করছি। আর আজ দুপুর থেকে ড্রিলিংয়ে গ্যাস পাওয়া যাচ্ছে।"
সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে এই কূপের গ্যাস পাইপ লাইনের মাধ্যমে চট্টগ্রামে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মর্তুজা ফারুকী।
তিনি বলেন, সেমুতাং গ্যাস ক্ষেত্রে থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপ লাইন বসানোর কাজ চলছে। এই প্রকল্প বাস্তবায়ন করছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যেই পাইপ বসানোর কাজ শেষ হওয়ার কথা।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, বর্তমান মজুদ অনুযায়ী, সেমুতাং থেকে প্রতিদিন ২ থেকে ৩ কোটি ঘনফুট হিসেবে ১৫ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন সম্ভব।
এতে চট্টগ্রামের গ্যাস সংকট অনেকটাই মেটানো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৯৬০ এর দশকে মানিকছড়িতে সেমুতাং গ্যাস ফিল্ড আবিষ্কৃত হওয়ার পর তখনকার পাকিস্তান অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি চারটি কূপ খনন করে। পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর কেয়ার্নস পঞ্চম কূপটি খনন করে। কিন্তু গ্যাস উত্তেলন লাভজনক হবে না- এই বিবেচনায় তারাও কাজ বন্ধ করে চলে যায়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেমুতাংয়ের ৫ নম্বর কূপ সংস্কারের পরিকল্পনা করা হয়। ২০০৮ সালের ২২ মে একনেকের বৈঠকে এ প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব অনুমোদনও করা হয়।
মর্তুজা ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ নম্বর কূপ সংলগ্ন এলাকায় সড়ক ও আবাসন নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
বর্তমানে দেশে আড়াই শ' কোটি ঘটফুট চাহিদার বিপরীতে প্রতিদিন ২০০ কোটি ঘনফুটের মতো গ্যাস উত্তোলিত হচ্ছে। এর মধ্যে বাপেক্স ফেঞ্চুগঞ্জ, সালদা ও শাহবাজপুর ক্ষেত্র থেকে প্রতিদিন ৫ দশমিক ৮ কোটি ঘটফুট গ্যাস তুলেছে।
সরকারি হিসাবে দেশে সবগুলো গ্যাসক্ষেত্র মিলিয়ে মোট উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ সাড়ে ৫ ট্রিলিয়ন ঘনফুটের মতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/জেকে/০০৫৪ ঘ.
bdnews24