ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত নারীনীতির সঙ্গে আগামী অর্থবছরের বাজেট বরাদ্দের অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় বাজেট ২০১১-১২ : জেন্ডার প্রেক্ষিত পর্যবেক্ষণ' শিরোনামের এক মতবিনিময় সভায় তিনি বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০টি মন্ত্রণালয়ের মধ্যে ১২টির বরাদ্দ বাড়ানো হলেও আটটি মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে।
১৯৮৪ সালের ৬ নভেম্বর বাংলাদেশ নারীর প্রতি বৈষম্য রোধে জাতিসংঘ ঘোষিত সিডও সনদে স্বাক্ষর করে। সনদে একটি দেশে নারীর প্রতি কোনো বৈষম্য থাকলে তা দূর করতে প্রয়োজনে নতুন আইনের কথাও বলা হয়েছে। বাংলাদেশ ওই সনদের দুটি ধারায় সংরক্ষণ আরোপ করেছে।
বেসরকারি সংস্থা স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট (এসটিডি) আয়োজিত এ মত বিনিময় সভায় জানানো হয়, ২০১১-১২ সালের বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে এক হাজার দুশ ৩৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১০-১১ সালের বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিলো এক হাজার দুশ ৪০ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৯ জুন জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন, যার আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
সালমা খান বলেন, শ্রমবাজারে যাওয়ার জন্য নারীদের মধ্যে একটি বিরাট অংশ তৈরি হলেও তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আলাদা কোনো বরাদ্দ নেই যেখানে তৃণমূলের কর্মসংস্থানের জন্য আমরা কিছুই করতে পারছি না।
"এছাড়া নারীস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়নে বরাদ্দ থাকলেও সেবাখাতে বরাদ্দ নেই।"
এবারের সর্বমোট বাজেট ২৩% বাড়লেও সবগুলো খাতে একই হারে বরাদ্দ বাড়েনি জানিয়ে অর্থনীতিবিদ এমএম আকাশ বলেন, "শিক্ষা খাতে ব্যায় বেড়েছে ১১.২%, স্বাস্থ্য খাতে ৯.১০% এবং কৃষি খাতে ১০.৩৪%। উন্নয়ন এবং অনুন্নয়ন মিলিয়ে এবারে ব্যয় কমেছে। উন্নয়ন বরাদ্দ ১৯% বাড়লেও অনুন্নয়ন বরাদ্দ বেড়েছে ২৬%। অথচ গত বছর উন্নয়ন বরাদ্দ ছিলো ৪০%।"
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24