চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে র্যাব- ৭ ও চট্টগ্রাম মহানগর পুলিশ।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালিশহর থানাধীন ওয়াপদা মোড় এলাকায় ফুটপাথ দখল করে অবৈধভাবে সাইনবোর্ড স্থাপন করেছিলো একই মালিকের দুই প্রতিষ্ঠান আজাদ ষ্টোর ও আজাদ হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট।
সাইনবোর্ড অপসারণ করে দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত হালিশহর রোডের রূপসা বেকারীতে অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও খাদ্যে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা রোডের দুই পাশের অবৈধ ভাসমান দোকান সরিয়ে নিতে দোকান মালিকদের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৭৩৮ ঘ.
bdnews24