ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর মামলা ও রায়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ বিএনপি তুললেও তা প্রত্যাখ্যান করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক।
এফবিআই থেকে তথ্য পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে অপরাধের তথ্যপ্রমাণ পেয়েছে জানিয়ে তিনি বলেন, "এগুলো পর্যালোচনা করে আদালত রায় দিয়েছে। তাই এর সঙ্গে সরকারের কী সংযোগ, তা আমি বুঝতে পারছি না।"
মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার জজ আদালত। রায় প্রত্যাখ্যান করে বিএনপি বলছে, সরকারের 'নির্দেশে' এ রায় হয়েছে।
বিএনপির এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আনিসুল হক সাংবাদিকদের ওই কথা বলেন।
তিনি বলেন, মার্কিন সংস্থা এফবিআই সিমেন্সের একটি ঘুষ কেলেঙ্কারি তদন্ত করতে গিয়ে এ মামলার মূল সূত্র জানতে পারে। সিমেন্স ওই অপরাধ স্বীকার করেছে। ঘুষ লেনদেন ও ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য সিমেন্স এফবিআইকে দিয়েছে। এফবিআই ওই সব তথ্য দুদককে দেয়। পরে দুদক অনুসন্ধান ও তদন্ত করে এজাহার করেছে।
কোকোর অনুপস্থিতিতে রায় দেওয়ার বিষয়ে আনিসুল বলেন, "আদালতে তাকে যথেষ্ট সুযোগ দিয়েছে। তিনি আদালতে এসে আত্মপক্ষ সমর্থন করতে পারতেন। এরপরও তিনি যখন আদালতে আসেননি। তখন তাকে পলাতক দেখিয়ে মামলার রায় দিয়েছে।"
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মায়ের সঙ্গে গ্রেপ্তার হন কোকো। এরপর ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। মুক্তির মেয়াদ কয়েকবার বাড়ালেও গত বছরের ১৯ অগাস্ট তা সরকার আর না বাড়ানোয় সিদ্ধান্ত নেয়। কোকো না ফেরায় তাকে পলাতক দেখিয়েই মুদ্রাপাচারের এ মামলার বিচার শুরু করে বিচারিক আদালত।
কোকোকে ফেরানোর বিষয়ে আনিসুল বলেন, "কোকো যেই দেশে আছে, সেই দেশের সঙ্গে চুক্তি থাকলে সরকার সেই চুক্তি অনুসারে তাকে ফিরিয়ে আনতে পারে।"
জরুরি অবস্থার সময় দেওয়া বিচারিক আদালতের অনেক সাজা বাতিলের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, "১/১১ পর যে সব মামলার শাস্তি হয়েছিলো। সেগুলো ছিলো সম্পদের মামলা। আর এটি হচ্ছে অর্থ পাচার মামলা। তাই এই মামলার শাস্তি বাতিল হবে না বলে আমার মনে হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬১৫ ঘ.
bdnews24