ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকারের রুলিংয়ের পরদিন সংসদ অধিবেশনে তাদের উপস্থিতি বেড়েছে।
বুধবার সকালের অধিবেশনে মাত্র সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত থাকলেও বিকালের অধিবেশনে তাদের উপস্থিতি বাড়তে থাকে।
বিকাল ৫টা ২৫ মিনিটে সংসদের বৈঠক শুরু হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন অন্তত ১৯ জন।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মঙ্গলবার রাতে মন্ত্রীদের উপস্থিতি কম থাকায় অসন্তোষ প্রকাশ করেন সাংসদরা।
স্পিকার আবদুল হামিদ এসময় অধিকাংশ মন্ত্রীর উপস্থিতি থাকার বিষয়ে রুলিং দেন।
বুধবার বিকালে বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃসিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
মঙ্গলবার স্পিকার আবদুল হামিদ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, "বিশেষ জরুরি প্রয়োজনে অনেক ক্ষেত্রে দু'চার ছয় আনা মন্ত্রী অনুপস্থিত থাকতে পারেন। কিন্ত এখন দেখছি ১৪ আনা মন্ত্রীই অনুপস্থিত।"
এক রুলিংয়ে স্পিকার বলেন, "যে সংসদ সদস্য বক্তব্য রাখছেন তারও একটি স্যাটিসফেকশনের ব্যাপার রয়েছে। কিন্তু মন্ত্রীরা উপস্থিত না থাকলে সেটি খারাপ দেখা যায়। বাজেট আলোচনায় সব মন্ত্রী না থাকতে পারলে অন্তত ৫০ শতাংশ মন্ত্রীর উপস্থিত থাকা উচিত।"
আবদুল হামিদ জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকেন। একেবারে জরুরি কাজ ছাড়া তিনি বাইরে যান না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩১০ ঘ.
bdnews24