২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোড শেডিং সহনীয় পর্যায়ে: পিডিবি

বিদ্যুতের উৎপাদন বাড়ায় বর্তমানে লোড শেডিং সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের উৎপাদন বাড়ায় বর্তমানে লোড শেডিং সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রীষ্ম মৌসুম শেষ হয়েছে। গত বছরের তুলনায় বিদ্যুতের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ফলে লোড শেডিং সহনীয় পর্যায়ে নেমে এসেছে।" তিনি জানান, গত বছরের জুন মাসে বিদ্যুতের উৎপাদন ছিল গড়ে চার হাজার মেগাওয়াট। আর বর্তমানে প্রতিদিন গড়ে চার হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যাচ্ছে। পিডিবির তথ্য অনুযায়ী, বুধবার দেশে বিদ্যুতের সরবরাহ ছিল ৪ হাজার ৩৮৩ মেগাওয়াট। ২০১০ সালে লোড শেডিংয়ের পরিমাণ দৈনিক গড়ে ১২০০ মেগাওয়াট ছিলো উল্লেখ করে আলমগীর কবির জানান, বর্তমানে তা ৭০০ মেগাওয়াটে নেমে এসেছে। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত হলে নভেম্বর নাগাদ লোড শেডিং আরো কমে আসবে বলে আশা প্রকাশ করেন পিডিবি চেয়ারম্যান। তিনি বলেন, এ বছরের মধ্যে আরো প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। গত কয়েকদিনে লোড শেডিং খানিকটা কমে আসার কথা বললেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. আক্তারুজ্জামান বলেন, "মাসের শুরুর দিকেও দিনে ও রাতে কয়েকবার করে বিদ্যুৎ যেত। তবে গত কয়েক দিন ধরে লোড শেডিং কিছুটা কম বলেই মনে হচ্ছে।" পুরানা পল্টনের ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, লোডশেডিং-এর সময়ে জেনারেটর চালাতে হয় বলে খরচ অনেক বেড়ে যায়। গত কয়েক দিন ধরে লোড শেডিং কম হওয়ায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক গত ৭ জুন জাতীয় সংসদে জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে ১ হাজার ৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের মোট চাহিদা ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/২১৪১ ঘ.