ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া যাবে বৃহস্পতিবার থেকে।
'সুন্দরবনকে সংরক্ষণ ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটদানে জনগণকে উদ্বুদ্ধকরণ' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোস্তফা কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, এ জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নিজে ভোট দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ প্রক্রিয়ায় দেশের যে কোনো মোবাইল ফোন (অপারেটর) থেকে ইচ্ছে মতো এসএমএস পাঠিয়ে ভোট দেওয়া যাবে। এ জন্য এসএমএস অপশনে গিয়ে 'এসবি (ঝই) ' লিখে পাঠাতে হবে '১৬৩৩৩' নম্বরে। ফিরতি এসএমএসে ভোটদাতাদের ধন্যবাদ জানাবে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন।
কেউ চাইলে চূড়ান্ত তালিকায় থাকা আরো ২৭টি স্থানের জন্যও এসএমএস-এ ভোট দিতে পারবেন। ওই স্থানের 'কোড' পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে।
গত ২০ জুন সুন্দরবনের পক্ষে এসএমএস ভোটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে বেশি সময় লাগায় বৃহস্পতিবার এটি শুরু হচ্ছে।
২০০৭ সালের ৭ জুলাই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন-প্রক্রিয়া শুরু হয়। প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে ২০০৯ সালের ২১ জুলাই চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টি স্থানের নাম ঘোষণা করা হয়।
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে গত চার সপ্তাহে বাংলাদেশ ও ভারতের সুন্দরবনের পক্ষে ভোট দ্রুত গতিতে বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৯০৯ ঘ.
bdnews24