ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সিরাজুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ অতিরিক্ত সচিবকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পাঁচ জন উপসচিবের পদেও একই দিন পরিবর্তন আনা হয়েছে।
নির্বাচন কমিশনে নিয়োগ পাওয়ার আগে সিরাজুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োজিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিবের পদটি খালি ছিলো।
উপসচিবদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের তন্দ্রা শিকদারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের শ্যামা প্রসাদ ব্যাপারীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপসিচব আহমেদ মোর্শেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব খায়রুল ইসলামকে অর্থ বিভাগের উপসচিব পদে পদায়ন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব মো. এমরানকে প্রত্যাহার করে পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১০ ঘ.
bdnews24