চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ বছরের পুরোনো গাড়ি চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে চট্টগ্রামের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ এ ধর্মঘটের ডাক দেয়।
চট্টগ্রাম মহানগরীসহ, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের সব রুটে এ ধর্মঘট চলবে।
দাবি মেনে না নেওয়া পর্যন্ত লাগাতার ধর্মঘট চলবে বলে জানান আজাদ।
অন্যান্য দাবি হলো-গাড়ির টায়ার-টিউবসহ সব প্রকার যন্ত্রাংশের দাম কমানো, মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধ, সড়কে ডাকাতি বন্ধ করা, বিআরটিএ'র দুর্নীতি বন্ধ, সব ধরনের পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণসহ ১২ দফা দাবি রয়েছে।
একই দাবিতে মালিক-শ্রমিকরা এর আগে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছিলো।
সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব অলি আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুসা, ট্রাক মালিক কন্ট্রাক্টর এসোসিয়েশনের জহুর আহম্মদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৭৫৪ ঘ.
bdnews24