২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক বাতিলের উদ্যোগ প্রতিহত করবে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের উদ্যোগ প্রতিহত করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের উদ্যোগ প্রতিহত করবে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিঙে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নজরুল ইসলাম বলেন, "মন্ত্রিসভায় অনুমোদিত সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটির প্রায় সব প্রস্তাবের বিষয়ে বিএনপির যৌক্তিক আপত্তি আছে। আমরা মনে করি, একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বলা হচ্ছে। অন্যদিকে, মন্ত্রিসভায় একতরফা সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদনের মাধ্যমে সংবিধান সংশোধনে সরকার তার দুরভিসন্ধিমূলক নীলনকশা বাস্তবায়ন করছে।'' তিনি অভিযোগ করেন, এতেই প্রমাণ হয় যে, সরকারের আলোচনার প্রস্তাব একটি 'অপকৌশল' মাত্র। তারা (সরকারি দল) সংখ্যাগরিষ্ঠতার জোরে একদলীয় 'বাকশালের' মতো গণবিরোধী ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। সোমবার মন্ত্রিসভা সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদন করেছে। লিখিত বক্তব্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার ভিত্তিতে বিরোধী দলীয় নেতা প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন প্রভৃতি বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন, তার প্রতি সমর্থন দিয়েছে দলের স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের 'অপপ্রয়াসের' নিন্দাও জানায়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের পরবর্তী কর্মসূচি আলোচনা করে ঠিক করা হবে। প্রেস ব্রিফিঙে বলা হয়, সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি' শব্দগুলো বাদ দেওয়া, সংবিধানের অনেক অধ্যায়, ধারা, উপধারাকে ভবিষ্যতে কখনো পরিবর্তন করা যাবে না- এমন অগণতান্ত্রিক বিধান করা এবং জাতীয়তাবাদ বিষয়ে অযৌক্তিক জটিলতা সৃষ্টির মতো 'গণতন্ত্র বিরোধী এবং অবাস্তব' নানা সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিঙে উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির এই বৈঠক বসে। দেড় ঘন্টার বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারি উদ্যোগে করণীয় কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির বৈঠকের পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সঙ্গে খালেদার বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫০ ঘ.