২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৫০

রংপুরে নির্বাচনী প্রচারণায় বিরোধের জেরে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের হামলায় অন্তত ৫০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

রংপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে নির্বাচনী প্রচারণায় বিরোধের জেরে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের হামলায় অন্তত ৫০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দেড় ঘণ্টাব্যাপী এই হমলা চলাকালে শতাধিক বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগসহ মূল্যবান মালামাল লুট করা হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রূপালী বেগম, আমিনুল, মমতাজ ও জেসমিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এলাকাবাসীর বরাত দিয়ে রংপুর কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, সোমবার অনুষ্ঠিত মমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমির উদ্দিন প্রামানিক চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচন চলাকালে মমিনপুর ইউনিয়ন সংলগ্ন বদরগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাক নমে এক ব্যক্তি অন্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে জমির উদ্দিনের ছেলে চান্দ তাকে মারধর করে। এছাড়া নির্বাচনে তার বাবা জয়ী হলে দেখে নেওয়ার হুমকি দেয়। মঙ্গলবার বিকাল ৫টার দিকে চান্দের নেতৃত্বে শতাধিক লোক লাঠি, ছোড়া, বল্লম ও তীর-ধনুক নিয়ে মথুরাপুর গ্রামে হামলা ও লুটপাট চালায়। তারা গ্রামের বিভিন্নজনের ২০টি গরু ও মালামাল লুট করে। খড়ের গদায় আগুন দেয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ হামলা চলে। পরে বদরগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৮ ঘ.