২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল থেকে ঢিল, পরে ক্ষমা প্রার্থণা

পুলিশকে লক্ষ্য করে কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করায় ক্ষমা প্রার্থণা করেছেন বরিশাল বিএনপির নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বরিশাল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে লক্ষ্য করে কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করায় ক্ষমা প্রার্থণা করেছেন বরিশাল বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা পুলিশের কাছে ক্ষমা প্রার্থণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতা কর্মীরা (এমপি সরোয়ার সমর্থক) বিকাল ৫টার দিকে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এখানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। এতে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহীন, মহানগর যুবদলের একাংশের আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল ইসলাম জাহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার প্রমূখ। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল করে দলীয় কার্যালয় ত্যাগ করার সময় কতিপয় কর্মী সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সদর রোডের পরিস্থিতি উতপ্ত হয়ে উঠে। তখন মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহীন এভাবে ঢিল ছোড়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেনের কাছে ক্ষমা চান। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির কর্মসূচিতে পুলিশ কোন ধরনের বাধা দেয় নি। অথচ তারা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেছে যা অত্যন্ত দুঃখজনক। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঘটনাটি দুখ:জনক ও অনাকাঙ্খিত উল্লেখ করে মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহীন বলেন, পুলিশের উপর ইট নিক্ষেপকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৮ ঘ.