রাজবাড়ী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার দুদিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের শাহ রফিকুল ইসলাম।
সোমবার রাতে ওই ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণার পর মাজাইল মোড় ও বয়রাট বাজারে রফিকুল সমর্থকরা পরাজিত প্রার্থী আব্দুর রব মুনার পাঁচ সমর্থককে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় মামলা হলে রাতেই রফিকুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাংসা থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারামারির সময় দোকানপাট ভাংচুর ও লুটপাটও হয়। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারামারির পর মুনার সমর্থক এনামুল হক বাবু বিজয়ী চেয়ারম্যান রফিকুলসহ ১৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
রফিকুলের সঙ্গে আব্দুল আওয়াল নামে মামলার অন্য এক আসামিকেও গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
গত ১৮ জুন পাট্টা ইউনিয়নের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24