বেনাপোল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দুটি কামান বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে এসেছে। সফররত ভারতীয় সেনাপ্রধান এগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দেবেন।
শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বাংলাদেশকে উপহার দেওয়া কামান দুটি মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ভূখণ্ডে ঢোকে বলে বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল মান্নান শিকদার সাংবাদিকদের জানান।
ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ফোর্সের ১২ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আড়িয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল কামান দুটি যশোর সেনানিবাসের আর্টিলারি ফোর্সের অধিনায়ক মেজর মোরশেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে তুলে দেন।
মেজর আড়িয়া জানান, ১৯৭১ সালে ২২ জুলাই ছয়টি কামান নিয়ে ভারতের কোনাবান অঞ্চলে প্রথম প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিট। তারই ৩ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যরে এ কামান তারই দুটি।
কামান দুটি এখন আর ব্যবহারের উপযোগী নয়। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন হিসেবে তা সংরক্ষণ করবে।
সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং কামান দুটি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের কাছে হস্তান্তর করবেন।
পাঁচ দিনের সফরে ভারতের সেনাপ্রধান রোববার বাংলাদেশে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৫৭ ঘ.
bdnews24