ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে এলে এ অঞ্চলে সমন্বিত উন্নয়ন কার্যক্রম সম্ভব হবে।
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডির্ক নিয়েবেল ও ইইউ'র অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গসের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে আলোচিত বিষয়গুলো পরে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরার পাশাপাশি সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা।
জনগণের ভোটাধিকার রক্ষায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই ঠিক করবে ভবিষ্যতে কে দেশ পরিচালনা করবেন।
আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার অর্জনে তার দলের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে প্রতিনিধি দলের সদস্যদের বলেছেন, জনগণের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, বিগত দিনে সামরিক শাসনের জন্য বাংলাদেশে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিলো না। ফলে দেশের কাক্সিক্ষত উন্নতি হয়নি।
প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করে গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে ইইউ' সহযোগিতার কথা স্মরণ করেন।
আবুল কালাম আজাদ জানান, সফররত দুই প্রতিনিধি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হোলগার মিখায়েল ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/১৭৩৬ ঘ.
bdnews24