ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে মোট ৩০ জন আহত হয়েছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মঙ্গলবার ভোট গ্রহণ চলাকালে এ সংঘর্ষ ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভু হালদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।
নির্বাচনী কর্মকর্তারা জানান, বাংলাবাজার ইউনিয়নের সম্ভু হালদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ননী গোপাল হালদার (৫০) আহত হন। মারামারিতে অংশ নেন অপর প্রার্থী বিশ্বনাথ বাড়ৈ (৫০)।
গুরুতর আহত আট জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- হরিদাস বাড়ৈ (৩০), রাজিব বাড়ৈ (২৯), আনোয়ার (৫০), সুজন (৩০), আরফান (৩০), মামুন (২৫), হযরত (৪৫) এবং মই ধর (৪০)।
চাঁদপুর প্রতিনিধি জানান, মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে হামলায় আহত হয়েছেন বিএনপি সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর ১০ জন কর্মী।
আহতদের মধ্যে আব্দুল হান্নান মাস্টার নামের একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ওই ইউনিয়নের নদীর পশ্চিম পাশে অবস্থিত তিনটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেক হোসেন মুরাদের লোকজন তাদেরকে বাঁধা দেয়। এ সময় তাদের মারধর ও ধাওয়া করা হয়। এতে তার ১০ কর্মী আহত হয়।
এ ব্যাপারে মোসাদ্দেক হোসেন মুরাদ বলেন, এখানে তেমন কিছু ঘটেনি। কিছু লোকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা (ডিআইও-১) মো. আতিকুর রহমান বলেন, আমরা ষষ্ঠখণ্ড বোরোচর এলাকায় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ জুন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24