ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার জন্য ফেনীর জেলা প্রশাসক ও সদর থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপুলিশ পরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "প্রশাসনিক দুর্বলতার কারণেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে ডিসি ও এসপিকে নির্দেশনাও দেওয়া হয়েছে।"
তিনি জানান, সহিংস ঘটনা রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার দুই কর্মকর্তাকে বদলি করে উপযুক্ত কর্মকর্তা সংশ্লিষ্ট জেলা/থানায় পদায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে বলা হয়েছে।
এর আগে নোয়খালী জেলার পুলিশ সুপারকে বদলি করার জন্য ইসি নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে সাখাওয়াত বলেন, "ওই কর্মকর্তা ইসিকে জানিয়েছেন, তিনি প্রমাণ করতে চান সুষ্ঠু নির্বাচনে ভালো ব্যবস্থা তিনি নিচ্ছেন। এজন্য তার বদলি এখনো হয়নি।"
এম সাখাওয়াত জানান, ভাইয়ের প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে খুলনার বিভাগীয় কমিশনারের বিরুদ্ধেও। এ বিষয়টি কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ইউপি নির্বাচনের ৯০ শতাংশেরও বেশি এলাকায় ভালো নির্বাচন হচ্ছে। কিন্তু কয়েকটি এলাকায় সহিংসতায় ইসি উদ্বিগ্ন।
"অতীতের চেয়েও ভালো নির্বাচন হচ্ছে বলে আমরা বসে নেই। নিয়মিত পরিস্থিতির উন্নতির জন্য মনিটরিং করা হচ্ছে। যেখানে খারাপ পরিস্থিতির আঁচ করছি, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ইউপি নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা বলেন এ দুই নির্বাচন কমিশনার।
আগামী ৫ জুলাই পর্যন্ত ইউপি নির্বাচন চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24