ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন করতো হাসান সাঈদ। কাকুতি-মিনতির কাছে পরাজিত হয়ে ভালোবাসার টানে সব মাফ করে দিয়েছিলাম। আজ আমি এই অন্যায়ের বিচার চাই।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এভাবেই কথাগুলো বলছিলেন স্বামীর নির্যাতনে দু'চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুর।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মিলনায়তনে সংবাদ সম্মেলনে ছিলেন তার বাবা অবসরপ্রাপ্ত মেজর মনজুর হোসেনও।
গত ৫ জুন স্বামীর নির্যাতনে চোখ ও নাকে মারাত্মক জখম হন রুমানা। কানাডার ভ্যাঙ্কুভারে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছিলেন তিনি। গত মে মাসে তিনি দেশে ফেরেন। অক্টোবরে তার থিসিস জমা দেওয়ার কথা রয়েছে।
নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার ১০ দিনের মাথায় গত ১৫ জুন সাইদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর হাসান সাংবাদিকদের বলেন, ইরানি এক যুবকের সঙ্গে রুমানার সম্পর্ক নিয়েই তাদের দাম্পত্য কলহের সূত্রপাত।
রুমানা বলেন, "আমি এই অন্যায়ের বিচার চাই। আপনারা ওর বিচার নিশ্চিত করেন।"
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "সেদিন ছিলো হরতাল। ও সাধারণত বাইরে না হলেও সেদিন কী কারণে বাইরে গিয়েছিলো। আমি কম্পিউটারে কাজ করছিলাম আর আমার মেয়ে ছবি আঁঁকছিলো। আসরের নামাজের পর বাইরে থেকে এসেই ও আমার পেছন থেকে চুলের মুঠি ধরে বিছানার উপর ফেলে দেয়। এক হাতে আমার গলা চেপে ধরে ও প্রথমেই অমার দু'চোখে আঙুল দিয়ে চোখ তুলে নেয়ার চেষ্টা করে। আমি চিৎকার করতে চাইলে ও আমার গলায় আঙুল ঢুকিয়ে দেয়, আমার নাক কামড়ে ছিড়ে নেয়। আমার মেয়ে চিৎকার করে কাঁদছিলো তখন। ওর সঙ্গে শক্তিতে পেরে উঠছিলাম না। একসময় আমি নিজের রক্তেই পিছলে পড়ে যাই।"
ভারতে চেন্নাইয়ের শঙ্করা নেত্রলয়া এবং পদুচেরির অরবিন্দ চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সোমবার বিকেলে ঢাকায় আনা হয় রুমানাকে। তার কপাল-ঠোঁট-মুখের ক্ষতের চিকিৎসা ল্যাবএইড হাসপাতালে চলছে।
কালো সানগ্লাসে ঢাকা চোখ দুটি দেখা না গেলেও অসহায়ত্ব যেন ফুটে উঠছিলো রুমানার মুখে। শুধু চোখ উপড়ে ফেলেই ক্ষান্ত হয়নি সাঈদ, গুলি করে হত্যারও হুমকি দিয়েছিলো বলে রুমানা অভিযোগ করেন।
"... আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে বেরিয়ে যেতে যেতে সাঈদ বলছিলো- আমি ওর সঙ্গে থাকবো না বলেছি তাই আমাকে গুলি করে মারবে। আমি ততোক্ষণে কিছুই দেখতে পারছিলাম না।"
রুমানা আরো জানান, পিএইচডির জন্য তার কোর্সওয়ার্ক শেষ হয়ে গেলে দেশে এসেছিলেন স্বামী-সন্তানের অভাব বোধ থেকে।
"বাকি কাজটুকু ওখানে বসে করলেই ভালো হতো। আমি কোনো অশান্তি চাইনি তাই আমি আমার সুপারভাইজারের কাছ থেকে অনুমতি নিয়ে বাকি কাজ দেশে বসেই করতে চেয়েছিলাম। অথচ শেষরক্ষা হলো না। আমি তো ওকে ভালোই বেসেছিলাম।"
বাবা মনজুর জানান, তার মেয়ের দুটি চোখই নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, একমাত্র অলৌকিকভাবেই এগুলো ঠিক হতে পারে।
সাঈদের বিচার দাবি করে তিনি বলেন, "ভবিষ্যতে যেন কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত না তোলে- এমন বিচার চাই। কোনো বামা-মাকে যেন তাদের মেয়ের চোখ হারানো দেখতে না হয়।"
"আমার মেয়েটা এখন আপনাদের মেয়ে। ও একজন মা। ও যেন ওর মেয়ের মুখটা দেখতে পারে", বলেন অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে কয়েকজন নারী নেত্রী ও রুমানার বিভাগের সহকর্মীরা উপস্থিত ছিলেন। রুমানার সঙ্গে অন্য ব্যক্তির অনৈতিক সম্পর্কের যে দাবি তার স্বামী করেছেন, এর সমালোচনা করেন তারা।
নারী নেত্রী খুশী কবীর বলেন, "নারীদের অভিযোগের ভিত্তি নষ্ট করতে বিদ্যমান পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো এ ধরনের অভিযোগের অবতারণা করে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, "আমরা দেখেছি ও অসাধারণ, আদর্শ আচরণের একটা মেয়ে। আমি ঘৃণা পোষণ করছি যে এ বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে।"
এরই মধ্যে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রুমানার পরিচিতজনরা রোববার হাসানের ওই দাবির প্রতিবাদ জানিয়েছে।
রুমানাকে দেখে এলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রুমানা মনজুরকে দেখতে যান।
তিনি রুমানার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি রুমানাকে বলেন, "আমরা পুরো শিক্ষা পরিবার আপনার সঙ্গে আছি। এমন নিষ্ঠুর-আসুরিক হামলার আমরা তীব্র নিন্দা জানাই।"
নির্যাতনকারীর সাজা নিশ্চিত করার বিষয়েও রুমানার পরিবারকে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/এমআই/১৭০০ ঘ.
bdnews24