২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংলাপে কেউ না এলে দেশ তো স্থবির থাকতে পারে না'

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে বিএনপি যোগ না দিলেও তা দুঃখজনক হবে উল্লেখ করে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, কেউ না এলে দেশ তো স্থবির থাকতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 07:06 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে বিএনপি যোগ না দিলেও তা দুঃখজনক হবে উল্লেখ করে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, কেউ না এলে দেশ তো স্থবির থাকতে পারে না। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা। রাজধানীর হোটেল সোনগাঁওয়ে 'কমনওয়েলথ নেটওয়ার্ক অব ন্যাশনাল ইলেকশন ম্যানেজমেন্ট বডিস ওয়ার্কিং গ্র"প মিটিং অন ভোটার রেজিস্ট্রেশন' শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছিলেন সিইসি। নির্বাচনী আইনে সংস্কারসহ কয়েকটি বিষয়ে গত ১৩ জুন ইসির নির্ধারিত সিরিজ সংলাপে আসেনি প্রধান বিরোধী দল বিএনপি। হরতালের কারণে নির্ধারিত সময়ের আগের দিন বিএনপিকে দ্বিতীয় দফায় ১৯ থেকে ২২ জুনের মধ্যে আমন্ত্রণ জানায় ইসি। গত ১৬ জুন এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় অভিযোগ করে সংলাপ প্রত্যাখান করেন। জামায়াতে ইসলামীও সংলাপে আসেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপির এ সিদ্ধান্ত দুঃখজনক। কেউ না এলে ইসির করার কিছু নেই। তবে অন্যদের সঙ্গে আলোচনা করে সবার মতো নিয়ে সরকারের কাছে সুপারিশগুলো পাঠানো হবে। প্রধান বিরোধী দল সংসদে না যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। শামসুল হুদা বলেন, বিএনপি ক'দিন সংসদে গেছে? তারা তো সংসদেও যায় না। সংসদ কি বন্ধ আছে? (সংলাপে) কেউ না এলেও তো দেশ স্থবির হয়ে থাকতে পারে না। সামনে তো এগিয়ে যেতে হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে বলে জানান তিনি। "ইসি'র নিজস্ব চিন্তাভাবনা থেকে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অনেক কষ্ট করে এ নিয়ে কাজ এগোচ্ছে। চট্টগ্রামেও তা ব্যবহার হয়েছে। জাতীয় নির্বাচনে হয়তো তা ব্যবহার হবে না। কিন্তু অন্যান্য নির্বাচনে এর পরীক্ষা-নিরীক্ষা চলবে।" নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে গণপ্রতিনিধিত্ব আদেশে আরো সংশোধন, জন তহবিল আইন, সীমানা নির্ধারণ আইন ও বিধি, নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি এবং নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারসহ কিছু প্রস্তাব নিয়ে গত ৭ জুন থেকে বিশিষ্টজন, গণমাধ্যমের প্রতিনিধি ও নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০১০২ ঘ.