গাজীপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদীতে ভরাট কাজ চালানোর অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তিন ঠিকাদারের ১৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় তিন হাজার ২০০ মেট্রিক টন বালি বোঝাই আটটি কার্গো জাহাজ ও তিনটি ড্রেজার আটকও করা হয়।
সোমবার একটি বিশেষ দল এ অভিযান চালায় বলে পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দন্ডিত ঠিকাদাররা হলেন- মো. সিরাজ দেওয়ান, বাদশা হাজী ও আবদুল্লাহ।
অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরাগ নদীর ছিন্নিরটেক এলাকায় বিআইডব্লিউটিএ'র ল্যান্ডিং স্টেশনের অদূরে ১২ হাজার ১৯২ বর্গফুট এলাকায় বালি ফেলে নদী ভরাটের অপরাধে এই জরিমানা করা হয়েছে।
পরিবেশ অভিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালি এনে এ ভরাটের কাজ করা হচ্ছিল।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী বালু উত্তোলনের জন্য পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৪ ঘ.
bdnews24