শরীয়তপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে ডামুড্যা থানার একজন উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
থানা প্রাঙ্গণে নিজ কোয়ার্টারে সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ডামুড্যা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই আল মামুন সাংবাদিকদের জানান, উপপরিদর্শক (এসআই) নুরুল আলম (৩৩) প্রতিদিনের মত কাজ শেষে রোববার রাত ১১টার দিকে থানা থেকে তার বাসায় যান। সোমবার সকালে কাজে না আসায় দুপুর ১২টার দিকে খোঁজ নেয়ার জন্য থানা থেকে লোক পাঠানো হয়। সে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়।
পরে থানার ওসি আব্দুল কাদির ভূইয়া গিয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন নুরুল আলমের নিথর দেহ সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলছে।
তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে এএসআই আল মামুন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এসআই নুরুল আলমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রহমতপুর গ্রামে।
ওসি আব্দুল কাদির ভূইয়া জানান, গত দু'তিনদিন নুরুল আলমকে খানিকটা আনমনা দেখা গেছে।
শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান পিপিএম বলেন, আমরা নুরুল আলমের গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৮ ঘ.
bdnews24