গাইবান্ধা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারচুপির অভিযোগ তুলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দু'টি ইউনিয়নে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থীরা।
ইউনিয়ন দু'টি হলো- বনগ্রাম ও ভাতগ্রাম। এরমধ্যে বনগ্রামে সবকটি কেন্দ্র এবং ভাতগ্রামে দু'টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানানো হয়।
গত শনিবার এ দু'টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়।
সোমবার বিকালে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন বনগ্রাম ইউনিয়ন পরিষদে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন সরকার অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল কাইয়ুম হুদার যোগসাজসে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করে ফল ঘোষণা করেন।
ভোট গণনার পর রাত ১২টায় জয়েনপুর গড়ের মাঠ এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ভোট কেন্দ্রে ব্যবহৃত ৭ শতাধিক ব্যালট ও মুরি বই উদ্ধার করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
ওই ইউনিয়নে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে ব্যালট ও মুরি বই পাওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। এছাড়া এখন ভোট পুনঃগণনার ব্যাপারে তার কোনো আইনগত ক্ষমতা নেই।
অপরদিকে ভাতগ্রাম ইউনিয়নের ২টি কেন্দ্রের ভোট গণনায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম রেজানুল ইসলাম বাবুও এর আগে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে এটিএম রেজানুল ইসলাম বাবু লিখিত অভিযোগে বলেন, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তরফ মেহেদী বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় তার এজেন্টদের ভোট গণনার স্থান থেকে দূরে থাকতে বলা হয়। ফলে তারা সঠিকভাবে ভোট গণনা প্রত্যক্ষ করতে পারেননি।
এ ব্যাপারে এজেন্টের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসারের কাছে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
এছাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে মৌখিকভাবে জানানো হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নওশের হারুন ইঞ্জিল পেয়েছেন ১২৬৫ ভোট এবং এটিএম রেজানুল ইসলাম বাবু পেয়েছেন ১৯৩ ভোট।
কিন্তু পরবর্তীতে উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে নওশের পান ১৬৬৫ ভোট এবং বাবু পান ৯০ ভোট।
এ কেন্দ্রে ভোট গণনা শেষে প্রার্থীর এজেন্টের কোনো স্বাক্ষর নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
ওই ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল আলম বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ এলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫১ ঘ.
bdnews24