২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা করবে ভারত'

ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং। সোমবার রাষ্ট্রপতি কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গভবনে সোমবার ভারতীয় সেনাপ্রধান বিজয় কুমার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 'রাষ্ট্রপতি ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।' মুক্তিযুদ্ধে জেনারেল বিজয় কুমারেরর সক্রিয় অংশগ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, আমি ১৯৭১ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেই। 'নভেম্বর থেকে বিলুনিয়া, ফেনী, লাকসাম প্রভৃতি রণাঙ্গনে সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি।' পাঁচ দিনের সরকারি সফরে রোববার ঢাকা পৌঁছান বিজয় কুমার। ২২ জুন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে (বিএমএ) 'পাসিং আউট' অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করার কথা রয়েছে তার। বিজয় কুমার ১৯৭১ সালে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত। মিলিটারি অ্যাকাডেমির 'পাসিং আউট' প্যারেডে ভারতের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানানোকে সরকারের 'রাজনৈতিক চাল' অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। সোমবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান বলেন, "ভারতীয় সেনাপ্রধানকে দিয়ে পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণ করানো আসলে সরকারের একটি রাজনৈতিক চাল। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তারা বোঝাতে চাচ্ছে যে, তাদের সঙ্গে অনেক বড় শক্তি রয়েছে। এ কারণেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিংকে পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি করা হয়েছে।" সাক্ষাতের সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র, রাষ্ট্রপতির সচিবরা এবং ভারতীয় সেনাপ্রধানের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯০৫ ঘ.