২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের এমডিকে দু'বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনকে একইপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কাজে যোগ দেওয়ার দিন থেকে পরবর্তী দু'বছরের জন্য তিনি ওই পদে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনকে একইপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কাজে যোগ দেওয়ার দিন থেকে পরবর্তী দু'বছরের জন্য তিনি ওই পদে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া একইদিন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগসহ প্রশাসনের তিন উপসচিবের পদে রদবদল করা হয়েছে। ফরিদ উদ্দিন এখনো রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। আগামী ৮ জুলাই তার অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। নতুন নিয়োগ ওইদিন থেকেই বা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক অনুষ্ঠান ও লিয়াজোঁ) পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন নাট্যব্যক্তিত্ব বাহার উদ্দিন খেলন। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগ দেওয়ার দিন থেকে দুই বছরের জন্য ওই পদে তিনি দায়িত্ব পালন করবেন। বদলি হওয়া উপসচিবদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাজী ওবায়দুর রহমানকে কৃষি মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শেখ মিজানুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে থাকা উপসচিব বাবলু কুমার সাহাকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪১ ঘ.