২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট-ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৮

পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে সিলেটে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সিলেট, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে সিলেটে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে নগরীর হক সুপার মার্কেটের একটি ছাপাখানায় ঢাকা ও সিলেট মহানগর পুলিশের বিশেষ শাখা যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে। রাতে তাদের সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এরা হলেন- জামান প্রিন্টিং প্রেসের মালিক ও সিলেট প্রেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম কে জামান (৪৫), জুনেদ আহমদ (১৯), বেলাল উদ্দিন (৪৬), ছানাওয়ার হোসেন (৪২), মুস্তাফিজুর রহমান (৩৫), হাবিব (২০), মুন্না (২৫) ও আল আমিন (২৬)। পুলিশের বিশেষ শাখার সুপার (ইমিগ্রেশন) এ জেড এম নাফিউল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৬-৭ বছর ধরে দেশি -বিদেশি একটি সংঘবদ্ধ চক্র মোটা অর্থের বিনিময়ে জাল ভিসা ও পাসপোর্ট তৈরি করে বিদেশে পাঠানোর নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে অন্তর্জাতিক ভিসা জালিয়াত চক্রের এই আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নয়টি পাসপোর্ট, যুক্তরাষ্ট্র, ইংল্যাান্ড, জাপান ও ইতালির ৩৯টি জাল ভিসা, ড্রাইভিং লাইসেন্স ও এসব তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। জামান প্রিন্টিং প্রেসের মালিক ও সিলেট প্রেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম কে জামান সাংবাদিকদের বলেন, ২০০৬ সাল থেকে তারা যুক্তরাষ্ট্র, ইংল্যাান্ড, জাপান ও ইতালির জাল ভিসা তৈরি করে আসছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতয়লি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.