সিরাজগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- সিরাজগঞ্জ পৌরসভায় দরপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ আরো ছয় বিএনপিকর্মীকে আটক করেছে।
শুক্রবার রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এরা হলেন- কমল ওরফে লিটন, শামসুল আলম, রেজাউল করিম, লিখন মুন্সী, আব্দুর রউফ ও রফিকুল ইসলাম।
এর আগে আরো ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে চার জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। বাকিদের বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়।
গত বুধবার সিরাজগঞ্জ পৌরসভায় দরপত্র দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির বেশকিছু নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা দায়ের করে।
সদর থানার উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে আদালতে হাজির করা হলে আটকদের জেল-হাজতে পাঠানো হয়।
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমরকৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় পৗর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীসহ প্রায় দেড়শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের অভিযান অব্যাহত থাকায় নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন।
এ অবস্থায় পৌর মেয়র গত তিনদিন ধরে পৌরসভায় অফিস করেননি। গ্রেপ্তার এড়াতে তিনিও পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান অমর কৃষ্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24