২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবিতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেওয়ার নামে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেওয়ার নামে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ৬৫টি ভুয়া নিয়োগপত্র। শনিবার র‌্যাব-১-এর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবিতে চাকরি না পেয়ে প্রতারিত হয়েছে এমন একটি ঘটনার প্রেক্ষিতে গত ১৫ জুন নিউমার্কেট থানায় একটি মামলা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবও এই মামলার তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে র‌্যাব মো. শফিকুর রহমান ওরফে শফিক (৪১), মো. আ. কুদ্দুস (৪৬), মো. আকতার হোসেন (৫৫), মো. আব্দুল করিম ওরফে মমতাজ (২৭), হোসনে আরা (৩৬), মো. শাহ আলম (৪২) নামে ছয়জনকে শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। 'তাদের কাছ থেকে ৬৫টি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।' গ্রেপ্তারকৃতরা ৬৬ জনের কাছ থেকে প্রায় এক কোটি ১২ লাখ টাকা সংগ্রহ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে শফিক বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট- এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে তিনি নিজেকে 'মেজর শফিক' নামে পরিচয় দিয়ে থাকেন। বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার কুদ্দুস বর্তমানে নিজেকে 'মেজর ফিরোজ' হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আকতার বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া বিজিবি'র সিপাহী হিসেবে বর্তমানে চাকরিরত করিম নিজেকে বিজিবি'র মেডিকেল অফিসার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। করিম চাকরিপ্রার্থীদের পিলখানায় নিয়ে মেডিকেল পরীক্ষা করে বিশ্বাস স্থাপন করাতেন। হোসনে আরা নামে গ্রেপ্তারকৃত নারী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আয়া হিসাবে কর্মরত। প্রতারণার মাধ্যমে সেনাবাহিনীতে লোক নিয়োগের অভিযোগে ২০০৯ সালে শফিককে একবার গ্রেপ্তার করেছিল র‌্যাব। সে সময় শফিক নিজেকে 'মেজর আব্দুর রহমান' পরিচয় দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৪৯ ঘ.