গাজীপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে একটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। উভয়ের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছে।
শনিবার সকালে টঙ্গীর মরকুন এলাকায় ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা এ বিক্ষোভ করে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত শ্রমিকরা জানায়, ঢাকা টোবাকো কারখানায় নিয়মিত ও অনিয়মিত দুই ধরনের শ্রমিক কাজ করে। নিয়মিত শ্রমিকদের তুলনায় অনিয়মিত শ্রমিকদের মজুরি অনেক কম।
সরকার নির্ধারিত মজুরি অনুযায়ী নিয়মিত শ্রমিকরা দৈনিক পান ৩০০ টাকা। সেখানে অনিয়মিত শ্রমিকরা পান ১৪০ টাকা থেকে ১৯০ টাকা। এছাড়া কারখানার আর কোনো সুযোগ-সুবিধাও তারা পান না।
ফলে অনিয়মিত শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির জন্য বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলো। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের সেই দাবি আমলে নেয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা।
তারা জানান, বেতন বৃদ্ধির দাবিতে কারখানার অনিয়মিত শ্রমিকরা বিক্ষোভ করেছে।
ঢাকা টোবাকো কোম্পানির সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের পালার শ্রমিকরা কাজ শেষে শনিবার ভোর ৬টার দিকে কারখানার বাইরে ফটকে জড়ো হয়। তারা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে।
এসময় সেখানে সকালের পালার শ্রমিকরাও চলে আসে। তারাও বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে যোগ দেয়।
এজিএম জানান, পরে শ্রমিকরা কারখানার সামনে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
তিনি জানান, কারখানায় প্রায় দেড় হাজার অনিয়মিত শ্রমিক রয়েছে। এদের ১৪০ টাকা হতে ১৯০ টাকা পর্যন্ত দৈনিক মজুরি দেয়া হয়। মাসে দু'বার তাদের বেতন দেওয়া হয়।
কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার শ্রমিকদের একটি অংশ এ আন্দোলন করে। বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান এজিএম।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পরিচালক দেওয়ান লালন আহমেদ জানান, অবরোধকারীরা সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
২ ও ৩ নং অঞ্চলের শিল্প পুলিশ ও টঙ্গী থানা পুলিশ সড়কের ওপর থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে ও পুলিশের তিনটি পিকআপ ভ্যানসহ ১৬/১৭টি যানবাহন ভাংচুর করে বলে জানান দেওয়ান লালন আহমেদ।
পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ, শ্রমিক ও পথচারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড শটগানের গুলি, ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ এবং মৃদু লাঠিচার্জ করে বলে জানান শিল্প পুলিশের কর্মকর্তা।
শ্রমিকদের হামলায় পুলিশের কনস্টেবল সাইদুজ্জামান, বিজন, আমিনুল ইসলাম, শাহিদ এসআই নিয়ামুর ইসলামসহ বেশ ক'জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বেলা ১১টার দিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে ওই সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। চার ঘণ্টার অবরোধে সড়কের উভয় দিকে দু'শতাধিক যানবাহন আটকা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৫ ঘ.
bdnews24