২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন স্বয়ং কমিশনারের

তথ্য অধিকার আইন বাস্তবায়নে গঠিত তথ্য কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং তথ্য কমিশনার সাদেকা হালিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার আইন বাস্তবায়নে গঠিত তথ্য কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং তথ্য কমিশনার সাদেকা হালিম। তার মতে, তথ্য কমিশনকে স্বাধীন বলা হয়। কিন্তু কমিশনকে কাজ করতে হয় জনপ্রশাসন, তথ্য ও অর্থ মন্ত্রণালয় ঘুরে। ফলে স্বাধীন বলা হলেও এটি কতটুকু স্বাধীন, তা দেখার বিষয়। এ অবস্থায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউট (ডব্লিউবিআই) এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেজ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এমআরডিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'তথ্য অধিকার আইন বাস্তবায়ন, সাংবাদিকের অভিজ্ঞতা' শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি একথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন, বার্তা সংস্থা এপি'র ব্যুরো প্রধান ফরিদ হোসেন, ডেইলি স্টারের বার্তা সম্পাদক জিয়াউল হক স্বপন, মানুষের জন্য'র ফারজানা নাঈম ও এমআরডিআই'র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন বৈশাখী টিভি'র প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। ফরিদ হোসেন বলেন, তথ্য অধিকার আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি সাধারণ মানুষের জন্যও। তথ্য দিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় বলে সাধারণ সাংবাদিকতায় এটি তেমন কার্যকর নয়। তবে আইনটি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য কার্যকর। তিনি বলেন, আইন পাসের দুই বছর হলেও এর বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো বেশিরভাগ এলাকাতেই মানুষ এ আইনের বিষয়ে কিছুই জানেন না। আইনের বিষয়ে জানলেও অনেক স্থানে এ প্রয়োগের অভিজ্ঞতাও ইতিবাচক নয়। তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, কমিশন কাজ শুরু করলেও জনবল সঙ্কটের কারণে কাজ করতে পারছে না। এক চতুর্থাংশ লোক দিয়ে কমিশনের কাজ চলছে। বেশিরভাগ অভিযোগ আসছে উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে। কিন্তু উপযুক্ত যানবাহন না থাকায় সেসব এলাকায় আমরা যেতে পারছি না। এরমধ্যেও তথ্য কমিশন যে ভাবে কাজ করে যাচ্ছে তার চিত্র তুলে ধরে তিনি বলেন, কমিশন এ পর্যন্ত ৩৩টি অভিযোগের পূর্ণ নিষ্পত্তি করেছে। দু'টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। আরো ২২টি অভিযোগ নিষ্পত্তির জন্য শিগগিরই বিবেচনায় নেওয়া হবে। তথ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার ব্যক্তিকে তথ্য কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কিন্তু অতিরিক্ত কাজের জন্য তাদের কোন সম্মানী না দেওয়ায় তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা না থাকলে জনগণের অধিকার ঠিক থাকে না। আর জনগণের মানসিকতাই আমলাতন্ত্রের মধ্যে প্রতিফলিত হয়। তাই আমলাদের কাছ থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তথ্য অধিকার আইন যত দ্রুত বাস্তবায়ন হবে, তত দ্রুতই দেশ স্বচ্ছ হবে। অনিয়ম ও দুর্নীতি হ্রাস পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৫৪ ঘ.