ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারকে অগ্রাধিকার ভিত্তিক শিল্পসমূহ চিহ্নিত করে সেগুলোর উপর গুরুত্বারোপ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা।
পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক গবেষণাধর্মী প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ইস্ট এশিয়া স্টাডিজ (এফইএএস)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপানি রাষ্ট্রদূত বলেন, সরাসরি বিনিয়োগ এবং উৎপাদন ভিত্তিক শিল্প স্থাপনের জন্য জাপান বাংলাদেশকে পর্যবেক্ষণে রেখেছে। অর্থনৈতিকভাবে উন্নত হতে হলে বাংলাদেশের অবোকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
কারণ, উন্নত অবকাঠামো বৈদেশিক বিনিয়োগকে আকর্ষণ করে।
এছাড়াও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে যে সব বাধা রয়েছে সেগুলোও দূর করা জরুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একাজটিই করেছিল।
মেধা পাচার বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের দক্ষ ও মেধাবী শ্রমশক্তি যদি বিদেশে চলে যেতে থাকে এবং ফিরে না আসে সে ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে তার প্রতিযোগিতার ক্ষমতা হারাতে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এফইএএস-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ. বি. মঞ্জুর রহিম।
অনুষ্ঠানে 'বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় জাপানের অংশগ্রহণ' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মাদ আব্দুল মজিদ।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএম/কেএমএস/১৬৩১ ঘ.
bdnews24