ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত এক আসামি চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালে মারা গেছেন।
নিহত হাফিজুর রহমান (৩৫) ব্রাহ্মণবাড়িয়া ১ রাইফেল (বর্তমানে বিজিবি ১২) ব্যাটালিয়নের সিপাহী। তার বাড়ি ঝালকাঠী সদর উপজেলার বীরপাসা গ্রামে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হাফিজুর মারা যান।
হাসপাতালের চিকিৎসক ফরহাদ হোসেন মো. সাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাফিজুর দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। গত বুধবার সদর কারাগার থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের শ্যালক জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর বিদ্রোহের অভিযোগে তিনবছর আগে গ্রেপ্তার হন হাফিজুর। বিচারে তার ছয় মাসের সাজা হয়। আর ১৮দিন পর তার মুক্তি পাবার কথা ছিল।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করেন, চিকিৎসার অভাবে হাফিজুরের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৩ ঘ.
bdnews24