ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার সরকারের পদক্ষেপ নেওয়ার পালা।
সরকার সংসদ বা সংসদের বাইরে যে কোনো স্থানে বিএনপির সঙ্গে আলোচনায় প্রস্তুত- আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, "আমাদের নেত্রী পরিষ্কাভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান প্রকাশ করেছেন। আমরা আমাদের কথা বলে দিয়েছি। নাউ বল ইন দেয়ার কোর্ট।"
শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে ২১ ও ২৮ জুন সারাদেশে এবং ২৩ জুন ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে বিধান আছে তা বহাল রাখলে বিএনপি আলোচনায় বসতে রাজি আছে।
এরপর শুক্রবার ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি আলোচনায় না এলে আদালতের রায়ের আলোকেই সংবিধান পরিবর্তন করে নির্বাচনে যাওয়া হবে। তবে সরকার আশাবাদী যে খালেদা জিয়া আলোচনায় বসবেন। সংসদ বা সংসদের বাইরে যে কোনো স্থানে আলোচনায় বসতে সরকার প্রস্তুত।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল শনিবার বলেন, "তার প্রতি সন্মান রেখেই বলছি, আশরাফ সাহেবরা দলীয় সরকারের অধীনেই একতরফাভাবে নির্বাচন করতে চান। সে জন্যই তারা আলোচনা চান না।"
নির্বাচন প্রতিরোধের ক্ষমতা বিরোধী দলের নেই- আশরাফুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, 'নির্বাচন প্রতিরোধে ক্ষমতা কার আছে, তা সময়ই বলে দেবে।"
লিখিত বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, "সরকার জনমতের তোয়াক্কা না করে আদালতের মাধ্যমে পঞ্চম ও এয়োদশ সংশোধনী বাতিলের রায় আদায় করছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ মানুষের বিশ্বাস ও দর্শন প্রতিষ্ঠা পেয়েছিলো। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার তা বাতিল করেছে।"
মহাজোট 'আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের' নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, "আজ তারা ধরাকে সরা জ্ঞান করে রাষ্ট্রীয় সার্বভৌম ও বহুদলীয় গণতন্ত্রের পথচলাকে বিপন্ন করতে তুলেছে।"
বর্তমান অবস্থাকে 'কঠিন ক্রান্তিকাল' অভিহিত করে মির্জা ফখরুল বলেন, "ক্ষমতাসীন দলের অপশাসন ও দুঃশাসনে এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলকে দমনে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার করা হচ্ছে। তারা আইনের শাসনের পরিবর্তে দেশে জঙ্গলের কুশাসন চালু করেছে।"
গত ৮ জুন বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদে প্রতিবেদন জমা দেয় সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ মোট ৫১টি সুপারিশ করা হয়।
এর আগে বিশেষ কমিটি সংবিধান সংশোধনের বিষয়ে মতামত জানার জন্য ডাকলেও বিএনপি তাতে অংশ নেয়নি।
তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াত গত ৫ জুন এবং ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘন্টার হরতাল করে।
কনকো-ফিলিপস চুক্তি
কনকো-ফিলিপস এর সঙ্গে গ্যাস ব্লক অনুসন্ধান চুক্তি পূর্ণাঙ্গভাবে জনসম্মুখে প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, "চুক্তিটি আমরা এখনো দেখিনি। এ বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। সরকারকে বলবো, তা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করুন।"
দেশবিরোধী কোনো চুক্তি বিএনপি সমর্থন করবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইউপি নির্বাচন প্রসঙ্গে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীদের বিজয়ী করতে ব্যাপক কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, "স্থানীয় প্রশাসন ও দলীয় ক্যাডাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। জোর করে ক্ষমতাসীনদের বিজয়ী ঘোষণা করা হচ্ছে।"
ফখরুল অভিযোগ করেন, রাজধানীর বাড্ডা থানার বেড়াইদ ইউনিয়নে শনিবার ভোটগ্রহণ চলাকালে স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য তার দলীয় সমর্থককে বিজয়ী করার চেষ্টা করছেন।
বৈরী আবহাওয়া ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কিছু কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
অন্যদের মধ্যে বিএনপির সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ধর্ম বিষয় সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, এ বি এম মোশাররফ হোসেন, মহানগর সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সহ সভাপতি আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাাদক শিরিন সুলতানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৪৮ ঘ.
bdnews24