২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা নিষ্পত্তি আগামী বছর

বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ মামলার রায় আগামী বছরের প্রথম প্রান্তিকে দেবে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ মামলার রায় আগামী বছরের প্রথম প্রান্তিকে দেবে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস)। ট্রাইব্যুনালের সভাপতি হোসে লুইস জিসাস গত সপ্তাহে জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে সংস্থাটির এ সংক্রান্ত বৈঠকে এ কথা জানিয়েছেন বলে শুক্রবার আইটিএলওএসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সমুদ্রসীমা সমাধানে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আইটিএলওএস-এ মামলা করে বাংলাদেশ। একই বছরের নভেম্বরে সমুদ্রসীমা নিয়ে আপত্তি জানায় মিয়ানমার। লুইস বলেন, "বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জলসীমা বিরোধের মামলা বিচারাধীন। আগামী ১ জুলাইয়ের মধ্যে লিখিত দলিল-প্রমাণ উপস্থাপন করতে হবে। সেপ্টেম্বরে এর ওপর শুনানি হবে।" গত ১২ এপ্রিল অতিরিক্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এ বিরোধ মামলার রায় চলতি বছরের শেষ দিকে দেবে আইটিএলওএস। তিনি বলেন, "জুলাইয়ের মধ্যে দুদেশই নিজেদের দাবির পক্ষে যাবতীয় দলিল-প্রমাণ দাখিল করবে। এরপর সেপ্টেম্বর বা অক্টোবরে শুনানি হবে।" সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে মিয়ানমারের সঙ্গে মূল বিরোধ হলো- প্রতিবেশী এ দেশটি সমদূরত্ব (প্রিন্সিপল অব ইকুয়াল ডিসটেন্স) ভিত্তিতে সমুদ্রসীমা দাবি করছে। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে ন্যায্যতাভিত্তিক (প্রিন্সিপল অব ইকুয়িটি) পদ্ধতি অনুসরণের পক্ষে। তালপট্টি ও সেন্ট মার্টিনের মধ্যে উপকূলীয় রেখা দূরত্ব ৭০০ কিলোমিটার। বঙ্গোপসাগরে ৯০০ কিলোমিটার দূরবর্তী সীমা পর্যন্ত নিজেদের দাবি করেছে বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে সীমানা নির্দেশক বিষয়টি আইটিএলওএসের মাধ্যমে নিষ্পত্তি হবে। তবে দূরবর্তী প্রান্তের বিষয়টিতে সিদ্ধান্ত দেবে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২২৩২ ঘ.