২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি স্কুলছাত্রীর ধর্ষকের শাস্তি দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

রাঙামাটির লংগদু উপজেলায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে হিল উইমেন্স ফেডারেশন শুক্রবার বিকালে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

খাগড়াছড়ি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে হিল উইমেন্স ফেডারেশন শুক্রবার বিকালে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সেইসঙ্গে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়। উপজেলার আটরকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামে গত বুধবার সপ্তম শ্রেণীর এক পাহাড়ি স্কুল ছাত্রীকে উত্তর ইয়ারেংছড়ি গ্রামের মো. ইব্রাহীম (৩০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় তার বাবা-মা ওই স্কুলছাত্রী ও তার দুই ছোট ভাইকে বাড়িতে রেখে কাজে গিয়েছিলেন। এই সুযোগে ইব্রাহীম ওই ছাত্রীকে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। খাগড়াছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে বিকাল তিনটায় হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক চন্দনী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগাড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্র"সি মারমা ও সাধারণ সম্পাদক উমেশ চাকমা। নেতৃবৃন্দ অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনকারীদের দ্বারা পাহাড়ি নারী ধর্ষণের ঘটনা বাড়ছে। এতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, "পাহাড়ি নারীরা আজ কোথাও নিরাপদ নয়। নিজের বাড়িতে তারা ধর্ষণ ও খুনের শিকার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাহাড়িদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে এই ধর্ষণ, নির্যাতনের ঘটনা বারবার ঘটছে।" ফেডারেশন নেতারা আরো অভিযোগ করেন, ইদানিং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর ধর্ষণ-নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলেও অপরাধীরা প্রায়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। প্রশাসন এসব অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় তারা বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। ফলে পাহাড়ি নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করতে বাধ্য হচ্ছে। লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণকারী মো. ইব্রাহীমের দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী ও শিশুদের যৌন নির্যাতনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের কাছে জোর দাবি জানানো হয় সমাবেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১২৫ ঘ.