সাতক্ষীরা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার মাদরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে বিজিবি'র দুই সদস্য আহত হয়েছে।
সংঘর্ষের এক পর্যায়ে বিজিবি সদস্যরা চার রাউন্ড গুলিবর্ষন করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তবর্তী বোয়ালিয়া মাঠে এই ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি-৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম জানান, ভোরে ৭০/৮০ জন চোরাকারবারী ভারত থেকে বিভিন্ন মালামাল নিয়ে ফিরছিলো। বিজিবি মাদরা ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মাঠে তাদেরকে চ্যালেঞ্জ করে।
এসময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চোরাকারবারীদের ইটের আঘাতে নায়েক ইউসুফ আলী ও নায়েক ফুলজার মিয়া আহত হন।
এক পর্যায়ে বিজিবি সদস্যরা চার রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাকারবারীরা ৭৫ বোতল ফেনসিডিল, বিপুল পরিমান এলাচ, জিরা-মরিচ ও ভারতীয় ঔষধসহ বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কলারোয়া থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১২০৮ ঘ.
bdnews24