নরসিংদী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলায় নাজমুল (৩৫) নামের এক ব্যবসায়ীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী বাজারে লোকজনের সামনে এ ঘটনা ঘটে।
থানার ওসি আতিকুর রহমান খান জানান, ৭/৮ জন সন্ত্রাসী সন্ধ্যায় ওই বাজারে যায়। তারা বাজারের কেন্দ্রস্থলে মুদি দোকান থেকে নাজমুলকে ডেকে বাইরে আসার জন্য বলে। নাজমুল দোকান থেকে নেমে এলে সন্ত্রাসীরা কোন কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই নাজমুলকে মাটিতে ফেলে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
পরে সন্ত্রাসীরা দেহ ফেলে রেখে মাথা নিয়ে চলে যায়।
বাজারের লোকজন এ ঘটনা দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ কাছে আসতে পারেনি।
এই রোমহর্ষক ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়।
এদিকে এই ঘটনার কথা লোকজন মোবাইল টেলিফোনে পলাশ থানা পুলিশকে জানায়। ওসি আতিকুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
সন্ত্রাসীদের অবস্থান সনাক্ত করে পুলিশ অভিযান শুরু করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজ্জাক নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় ওসি আতিকুর রহমান এবং উপ পরিদর্শক (এসআই) রহিম আহত হন।
তাদেও দুজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিচ্ছিন্ন মাথা পুলিশ উদ্ধার করতে পারেনি। সেটি উদ্ধার করার জন্য ব্যাপক তল্লাশি চলছে। মাথাবিহীন দেহটি ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ব্যাপারে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২৩৫০ ঘ.
bdnews24