২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ব্যবসা: মহিলা কারারক্ষীসহ তিন গ্রেপ্তার

মাদক ব্যবসায় জড়িত অভিযোগেবুধবার একজন মহিলা কারারক্ষীসহ তিন মহিলাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক ব্যবসায় জড়িত অভিযোগেবুধবার একজন মহিলা কারারক্ষীসহ তিন মহিলাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের কথা জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- রুমা আক্তার, শাহানাজ বেগম ও কারারক্ষী নাদিরা বেগম আলো। সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব-৩-এর একটি দল বুধবার সকালে পূর্ব মানিকনগর ৭৪/ডি বাসার নিচতলায় অভিযান চালিয়ে রুমা আক্তার নামে এক মহিলাকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চকবাজার এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহিলা কারারক্ষী নাদিরা বেগম আলোকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু কৌশলে সে তার নামে বরাদ্দ করা কারাগারের সরকারি বাসায় ঢুকে পড়ে। পরে র‌্যাব সদস্যরা অনুমতি নিয়ে আলোর বাসায় ঢুকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগেই আলো তার কাছে থাকা ইয়াবা ট্যাবলেট বাসার ড্রেনে ফেলে দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে র‌্যাব সদস্যরার ড্রেনের মধ্য থেকে কিছু ইয়াবা ও ইয়াবার প্যাকেট উদ্ধার করে। একই সঙ্গে প্রায় এক লাখ ১৬ হাজার টাকা তার দেহ তল্লাশি করে পাওয়া যায়। এদিকে আলোর বাসায় অভিযান চালানোর সময় এক মহিলা দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাকেও গ্রেপ্তার করে। পরে সে জানায় তার নাম শাহানাজ বেগম। তার দেহ তল্লাশি করে প্রায় চার হাজার টাকা উদ্ধার করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সবুজবাগ থানার মানিকনগর কুমিল্লা পট্টি এলাকার বাসায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একশ দুই গ্রাম হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলোকে সাময়িকভাবে বরখাস্ত করার পর বিভাগীয় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩০৭ ঘ.