২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল স্পেকট্রাম: অর্থ মন্ত্রণালয়ের মতামত ১৫ দিনের মধ্যে

চারটি মোবাইল ফোন অপারেটরের তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ফির ব্যাপারে ১৫ দিনের মধ্যে মতামত জানাবে অর্থ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি মোবাইল ফোন অপারেটরের তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ফির ব্যাপারে ১৫ দিনের মধ্যে মতামত জানাবে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। তরঙ্গ বরাদ্দের ফির বিষয়ে একটি সিদ্ধান্ত টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে আগামী ১৫ দিনের মধ্যে জানানো হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "ফি কমানো হবে কি না- সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর অপরেটরদের সঙ্গে আবারো আলোচনা করা হবে।" ১৫ দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে জানানোর পর তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে অর্থমন্ত্রী জানান। মোবাইল ফোন অপারেটর বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন এবং রবির প্রধান নির্বাহীরা 'বিভিন্ন বিষয়ে' কথা বলেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "মূলত তরঙ্গ বরাদ্দ ফির উচ্চহার, লাইসেন্স নবায়ন গাইডলাইনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়েছে।" আন্তর্জাতিক বাজারের লাইসেন্স নবায়ন ফির সঙ্গে তুলনা করেই বাংলাদেশের জন্য ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। "এছাড়া মোবাইল ফোন কোম্পানিগুলোতে বর্তমানে অডিট চালানো হচ্ছে এবং সেই অডিট নিয়ে নানা সমস্যার কথা প্রধান নির্বাহীরা জানিয়েছেন।" গত ফেব্র"য়ারি মাসে রাজধানীর সোনারগাঁও হোটেলে টেলিকম অপারেটর বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন এবং রবির যৌথ এক সংবাদ সম্মেলনে সরকারের খসড়া টেলিকম নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানানো হয়। অপারেটরদের বক্তব্য, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্য চারটি অপারেটরকে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। একসঙ্গে এতো টাকা দিলে তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে। গত এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের জানান, লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম বরাদ্দের ফির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই বিষয়টি চূড়ান্ত করা হবে। যেহেতু অর্থমন্ত্রী একজন 'সিনিয়র মন্ত্রী', তাই তার দিক নির্দেশনা নিয়েই বিষয়টি নির্ধারণ করা হবে। বিটিআরসি যে খসড়া নীতিমালা তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দিয়েছে- তাতে লাইসেন্স নবায়নের জন্য অপারোটরগুলোর আবেদন করার সময়সীমা দেওয়া হয়েছিল ১০ মে পর্যন্ত। পরে তা আরো দুই মাস বাড়ানো হয়। সরকারের খসড়া নীতিমালায় বলা হয়েছে, এবার লাইসেন্স দেওয়া হবে ১৫ বছরের জন্য। একইসঙ্গে মোবাইল ফোন অপারেটরদের এখন থেকে বেতার তরঙ্গ কিনে ব্যবহার করতে হবে। এ জন্য শহর এলাকায় ১৮০০ ব্যান্ডের বেতার তরঙ্গের প্রতি মেগাহার্জের দাম ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। আর গ্রামে নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ব্যবহৃত ৯০০ ব্যান্ডের বেতার তরঙ্গের দাম ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। গ্রাহকভেদে অপারেটরদের কাছ থেকে এ টাকা কম বেশি হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২০ জানুয়ারি নিয়ন্ত্রণ এবং লাইসেন্স নীতিমালার খসড়া প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরবি/জেকে/১৬৩৫ ঘ.