ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিদায়ের পর বিতর্কহীন নতুন কমিশন গঠন একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হবে বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শক্তিশালী ইসি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আরো এক থেকে দুই বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে বলে মত দিয়েছে দলটি।
বৃহস্পতিবার ইসির সঙ্গে নির্ধারিত সংলাপে জাসদের সাত সদস্যের প্রতিনিধি দল এই মত দেয়। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারকে সমর্থন দিয়ে পর্যায়ক্রমে তা চালুর সুপারিশ করেন তারা।
দলটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, "ইভিএমকে আমরা স্বাগত জানাই। ভোট বা ড্যাটার নিরাপত্তার জন্য কারিগরি নিশ্চয়তার বিধান করতে হবে। পর্যায়ক্রমে তা চালু করা যেতে পারে।"
অবশ্য ইভিএম দিয়ে ভোট ছিনতাই বা 'হ্যাকিং' সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
একজন নারী নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের ইসি গঠনের প্রস্তাব দিয়ে ইনু বলেন, "নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে গ্রহণযোগ্য, বিতর্কহীন ইসি গঠন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাজনৈতিক মতবিরোধের মধ্যে সবার সম্পৃক্ততায় ইসির পুনর্গঠনই হবে বড় চ্যালেঞ্জ।"
ইসি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ নেওয়া পর্যন্ত এক থেকে দুই মেয়াদের মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকা উচিত মন্তব্য করে ইনু বলেন, নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন হতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে; কিন্তু তা অনন্তকালের জন্য নয়।"
নির্বাচনী ব্যয়ের তহবিল
দলীয় বা জোটের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সব দলকে অনুদান দেওয়ার পক্ষে মত দিয়েছে জাসদ।
দলটির কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল জানান, আগের নির্বাচনের প্রাপ্ত ভোটের শতাংশ বিবেচনায় অনুদান দেওয়া যাবে না। এক্ষেত্রে নগদ অর্থ, প্রচার উপকরণ ও অন্যান্য সুযোগ বরাদ্দ করতে হবে। নতুন স্বতন্ত্র প্রার্থীকে অনুদান নয়, বরং আগের নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে জামানত রক্ষাকারীরা তা পাবে।
আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় প্রতিরক্ষাবাহিনী না রাখা, নির্বাচনী ব্যয় ২৫ লাখ না করা ও জামানত ১০ হাজার টাকা বহাল রাখার পক্ষে মত দিয়েছে দলটি।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাসদের পক্ষে সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, মীর হোসেন আখতার, ইকবালে হোসেন খান, মো খালেদ, হাবিবুর রহমান ও করিম সিকদার অংশ নেন।
জামায়াত অংশ নিচ্ছে না
বিকালে নির্ধারিত সংলাপে প্রধান বিরোধী দলের শরিক জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে ইসি সচিবালয়কে জানানো হয়েছে।
দলটির আইন সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের অনেক নেতাকর্মী হরতালে গ্রেপ্তার হওয়ায় বৃহস্পতিবারের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা। বিষয়টি ইসিকে অবহিত করা হয়েছে।"
সংলাপের নতুন সময়সূচি চেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, "আপাতত বৃহস্পতিবার যাওয়া হচ্ছে না। পরে কবে যাওয়া হবে তা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।"
প্রধান বিরোধ দল বিএনপিও গত ১৩ জুন নির্ধারিত সংলাপে যায়নি। ওই দিন হরতাল থাকায় দলটিকে নতুন সময়সূচি (১৯-২২ জুনের যে কোনো দিন) জানিয়ে আবার আমন্ত্রণ জানায় ইসি।
৭ জুন থেকে ইসির এই সংলাপ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৪২৩ ঘ.
bdnews24