ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করেছে সরকার।
এমন এক সময়ে এই চুক্তি করা হলো, যখন জ্বালানি সংকট প্রবল আকার ধারণ করেছে এবং বহু শিল্প কারখানা গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছে না।
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের পক্ষে পেট্রোবাংলার সচিব ইমাম হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ সচিব এ কে এম মহিউদ্দিন এবং কনকো ফিলপসের পক্ষে ভাইস প্রেসিডেন্ট (এশিয়া প্যাসিফিক) উইলিয়াম ল্যাফলারেনদে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে এ চুক্তিতে সই করেন।
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন আহমেদ ও যুক্তরষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ১১ ও ১২ নম্বর ব্লকে ৫ হাজার ১৫৮ বর্গকিলোমিটার এলাকজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো ফিলিপস। চট্টগ্রাম বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে এ দুিট ব্লকে সমুদ্রের গভীরতা এক থেকে দেড় কিলোমিটার।
৯ বছর মেয়াদী এই চুক্তিতে তিন ধাপে জরিপ ও খনন চালানোর শর্তে ১৬ কোটি ডলার ব্যাংক গ্যারান্টি দেবে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এ চুক্তি হয়েছে। কনকো-ফিলিপসের সঙ্গে সর্বোচ্চ আলোনার পরই সরকার এই চুক্তিপত্র তৈরি করেছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রণিত মডেল পিএসসি-২০০৮ এর আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসকে নির্বাচিত করা হয়। গত ২৩ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তির বিষয়টি অনুমোদন করে।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তির বিরোধিতা করে আসছে। পাশাপাশি একজন সংসদ সদস্য, কয়েকটি বাম দল ও জ্বালানি বিশেষজ্ঞরা চুক্তির বিরোধিতা করে বক্তব্য ও বিবৃতি দেন।
তাদের বক্তব্য, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
অর্থমন্ত্রী মুহিত এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, গ্যাস রপ্তানির যে বিষয়টি নিয়ে এখন সমালোচনা হচ্ছে, সেই সুযোগ ১৯৭৪ সালের পিএসসিতেও ছিল।
"মূল বিষয়টি হলো, উৎপাদিত গ্যাস প্রথমে তারা বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করবে। যদি সরকার কিনতে না পারে তখনই তারা চুক্তি অনুযায়ী বিকল্প বেছে নেবে।"
জ্বালানি উৎসের বহুমূখিকরণের জন্যই চুক্তিতে এ বিষয়টি যোগ করা হয়েছে বলে উল্লেখ করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তিনি বলেন, "আমরা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে চাই। আবার একইসঙ্গে রপ্তানির সুযোগটাও খোলা রাখতে চাই।"
নতুন গ্যাসক্ষেত্র খুঁজে পেতে হলে গভীর সমুদ্রে অনুসন্ধান চালানো অপরিহার্য উল্লেখ করে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "আমাদের সেই মানের উন্নত প্রযুক্তি বা অর্থ সংগতি নেই যে নিজেরাই অনুসন্ধান চালাবো। কাজেই একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি করাটাই সব দিক থেকে সুবিধাজনক।"
পেট্রোবাংলা পুরো বাংলাদেশের সীমানাকে মোট ৫২টি ব্লকে ভাগ করেছে যার মধ্যে ২৮টিই সমুদ্রে।
ভারত ও মিয়ানমার ইতোমধ্যে সাগরে খনিজ অনুসন্ধান শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকেও এখনই পদক্ষেপ নিতে হবে।
বঙ্গোপসাগরে অনুসন্ধান চালানোর ক্ষেত্রে পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করেন উইলিয়াম ল্যাফলারেনদে।
দেশে প্রতিদিন ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ ২০০ কোটি ঘটফুট।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই চুক্তির প্রতিবাদে গত মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয়। কিন্তু পুলিশি বাধার কারণে তা পালন করতে পারেনি।
ওইদিন প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ মালিকানা অক্ষুণ
bdnews24