২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় একজন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনোত্তর সহিংসতায় খোদেজা বেগম (৫৫) নামে এক নারী নিহত ও কমপক্ষে আট জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

গোপালগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনোত্তর সহিংসতায় খোদেজা বেগম (৫৫) নামে এক নারী নিহত ও কমপক্ষে আট জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী সালাম দর্জির সমর্থকদের হামলায় যাত্রাবাড়ি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত খোদেজা ওই গ্রামের তোতা মিয়া শেখের স্ত্রী। সিন্দিয়া ঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ক্যাম্প ইন চার্জ আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ মামলা করেনি। স্থানীয়দের উদ্ধৃত করে তিনি আরো জানান, মঙ্গলবার গভীর রাতে ওই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী সালাম দর্জির সমর্থক আবু কালাম, আওলাদ শেখ, আবু হানিফ শেখ, কালাচাঁনের নেতৃত্বে একদল সমর্থক বিজয়ী সদস্য বাদশা দর্জির সমর্থক তোতা মিয়া শেখ মোতালেব শেখের বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। পরে সকাল ১০টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়ির দুটি ঘরে হামলা চালায়। এতে ঘটনাস্থলে খোদেজা বেগম মারা যান। আহত হন ওই দুই পরিবারের আরো আট জন। মঙ্গলবার মুকসুদপুরের গোহালা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৪১ ঘ.