ময়মনসিংহ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর কর্মচারীদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থী ও হাসপাতালে কর্মরত নার্সরা।
হাসপাতাল পরিচালকের অপসারণসহ ৫ দফা দাবিতে তারা কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নার্সিং কলেজের ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে।
নার্সিং শিক্ষার্থী, নার্স ও ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের সভাপতি জহুরা বেগম বলেন, হাসপাতালের পরিচালকের অপসারণ, চিহ্নিত হামলাকারীদের চাকুরিচ্যুত, নার্সদের জন্য কক্ষ আবার বরাদ্দ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে অসুস্থ্য নার্সিং শিক্ষার্থী ও নার্সদের জন্য বরাদ্দকৃত কক্ষ বাতিলের প্রতিবাদে সোমবার দুপুরে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে যান নার্সরা। তারা পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিলে ৩য় ও ৪র্থ শেণীর কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে ৩২ জন নার্সিং শিক্ষার্থীসহ ৩৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৩৯ ঘ.
bdnews24